রংপুরে পুলিশের মারধরে মৃত্যুর অভিযোগ

বিডি নিউজ ৬৪: রংপুর শহরের সাতমাথা বালাকারি এলাকায় পুলিশের মারধরে নুরন্নবী নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির একটি মামলায় আসামির স্বীকারোক্তি অনুযায়ী নুরন্নবীকে ধরতে গিয়েছিল পুলিশ। নুরন্নবীর বয়স ৩৫ বছর বলে জানা গেছে। তাঁর বাবার নাম আবদুর রশিদ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, আমি ভোরে ঘটনাস্থলে গেছি। পরিবারের লোকজন চাড়-থাপ্পড়ের অভিযোগ করেছে। কিন্তু আমরা প্রকৃত ঘটনা তদন্ত করে দেখব। নুরন্নবী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাতে জরুরি বিভাগের যে চিকিৎসক ছিলেন, তিনি এখন দায়িত্বে নেই। তাঁর সঙ্গে কথা বলে জানা যাবে নুরন্নবীকে কী অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নুরন্নবীর স্ত্রী আরজিনা বেগমের অভিযোগ, রাতে পুলিশ নুরন্নবীকে ধরতে আসে। যদিও তিনি কোনো মামলার আসামি নন। কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাঁকে ঘর থেকে বের করে মারধর করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরজিনা জানান, দুই বছর ধরে তিনি দুবাইয়ে চাকরি করছেন। স্বামীকে নিয়ে যেতে তিন মাস আগে দেশে আসেন। স্বামীর কাগজপত্র, পাসপোর্টসহ সব কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় এ ঘটনা ঘটল। নুরন্নবীর ভাই তোফাজ্জল হোসেন বলেন, তাঁদের সামনেই ভাইকে পুলিশ মারধর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *