গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: গাজীপুরের চন্দ্রায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের এই কারখানায় রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ তলায়। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মকর্তা আরদেস আলী জানিয়েছেন, পাঁচ তলা ভবনের দুই তলায় সূতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় রাত একটার দিকে। সুতার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। ওই ফ্লোরে ৫৪ হাজার বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।

তিনি আরও জানান, সুতার গোডাউনের উপরের তলায় একটি গার্মেন্টস কারখানায়ও ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।

দমকল বাহিনীর এই কর্মকর্তা বলেন, গভীর রাতে আগুন লাগায় ভবনটিতে কোনো শ্রমিক ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *