অলিম্পিক কাঁপাচ্ছেন এক ‘বাংলাদেশি কন্যা’!

বিডি নিউজ ৬৪: আদর করে তাকে ডাকা হয় ‘দ্য বেঙ্গল টাইগার’। ডাক নাম রিটা। এই বাংলাদেশি কন্যাই এখন কাঁপাচ্ছেন অলিম্পিক! রিওতে সোনা জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে এখন ২০ বছরের তরুণী। ভাবছেন, এ কেমন কথা! বাংলাদেশের সব অ্যাথলেট তো অলিম্পিক শেষ করেছেন। পদকের সম্ভাবনাও তৈরি করতে পারেননি। আর রিটা নামেও তো কেউ ছিল না সাতজনের দলে! তাহলে। আসলে মার্গারিটা মামুন পদক জিতলে তা যাবে রাশিয়ার খাতায়। বাংলাদেশি-রুশ রিদমিক জিমন্যাস্ট এই মেয়ে। এবং অল-অ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ২৬ জিমন্যাস্টের মধ্যে প্রথম জায়গাটি মার্গারিটারই।

স্বদেশি আয়ানা কুদ্রিয়াভসেভার সাথে তীব্র প্রতিযোগিতা হয় মার্গারিটার। ইয়ানা তিনবারের অল-অ্যারাউন্ড বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও। কিন্তু বর্তমান বিশ্বে বাংলার মেয়ে মার্গারিটাকেই ধরা হয় বিশ্ব সেরা। সেটা তিনি রিওতেও প্রমাণ করে চলেছেন। প্রাথমিক বাছাইয়ে তাকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে এক নম্বর হিসেবেই ফাইনালে গেছেন মার্গারিটা। ১৮ বছরের ইয়ানাকে আগে দুইবার হারানোর ইতিহাস আছে মার্গারিটার। এখন ফাইনালের লড়াইয়ের অপেক্ষা।

মার্গারিটা সম্পর্কে আরেকটু জেনে নিন। জুনিয়র হিসেবে বাংলাদেশে এসে এই দেশের প্রতিনিধিত্ব করেছেন অল্প সময়। তারপর রাশিয়কেই বেছে নিয়েছেন সিনিয়র পর্যায়ে বিশ্বে লড়তে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মার্গারিটা মস্কোর মেয়ে। বাবার সূত্রে বাংলাদেশি। বাবা আব্দুল্লা আল মামুন মেরিন ইঞ্জিনিয়ার। আর মা রুশ। মার্গারিটার মা অ্যানাও রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট। মায়ের পথে হেটেই বিশ্বে রাশিয়াকে তুলে ধরছেন মার্গারিটা। এখন অলিম্পিক শ্রেষ্ঠত্বের পথেও। এমন মেয়েকে নিয়ে বাংলাদেশেরও নিশ্চয় গর্ব হওয়ার কারণ আছে।

এই সুযোগে জেনে নিতে হয় মার্গারিটার বৈশ্বিক অর্জনও। দুইবারের (২০১৪, ২০১৫) বিশ্ব অল-অ্যারাউন্ডে রুপা জয়ী এই মেয়ে। ২০১৫ ও ২০১৬ এর ইউরোপিয়ান গেমসে জিতেছেন অল-অ্যারাউন্ড রুপা। মার্গারিটা তিনবারের (২০১৩, ২০১৪, ২০১৫) গ্রাঁ প্রিঁ ফাইনাল অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন। তিনবারের (২০১১-২০১৩) রাশিয়ান অল-অ্যারাউন্ড জাতীয় চ্যাম্পিয়ন। ২০ পয়েন্ট সিস্টেমে অল-অ্যারাউন্ড টোটাল ৭৭.১৫০ এর বর্তমান বিশ্ব রেকর্ডের মালিক মার্গারিটা। এই বছরই বাকু বিশ্বকাপে এই কীর্তি তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *