রিলের শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের মেয়েদেরই

বিডি নিউজ ৬৪: ২০১২ লন্ডন অলিম্পিকে নিজেদের গড় বিশ্ব রেকর্ড ভাঙার কাছাকাছি গেলেন যুক্তরাষ্ট্রের নারীরা। শেষ পর্যন্ত রিওতে মেয়েদের ৪x১০০ মিটার স্প্রিন্ট রিলেতে তারা নিজেদের ছাড়িয়ে যেতে পারেননি। তবে ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং করে ঠিকই ধরে রেখেছেন এই রিলের সোনা। শনিবার এই দৌড়ে জিতে অ্যালিসন ফেলিক্স উঠে গেছেন ভিন্ন উচ্চতায়। অলিম্পিকে পাঁচটি সোনা জেতা প্রথম নারী অ্যাথলেট হয়েছেন তিনি।

ফেলিক্স, লং জাম্পের চ্যাম্পিয়ন টিয়ান্না বারটোলেটা, ইংলিশ গার্ডনার ও টরি বোওয়ি যার রিওতে ১০০ মিটারের রুপা ও ২০০ মিটারের ব্রোঞ্জ জিতেছেন তাদের নিয়েই গড়া যুক্তরাষ্ট্রের রিলে দল। ৪১.০১ সেকেন্ডে দৌড় শেষ করে এই দল ঢুকে পড়েছে ইতিহাসের পাতায়। ৪১.৩৬ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার স্প্রিন্টাররা জিতেছেন রুপা। তাদের দলে ছিলেন ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জেতা ইলেইনে থমসন। তিনি পেলেন তার তৃতীয় অলিম্পিক পদক। ৪১.৭৭ সেকেন্ডে বৃটিশ রেকর্ড গড়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাজ্য।

অথচ এই যুক্তরাষ্ট্র দল এবার রিলে থেকে বাদ পড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। হাত থেকে ব্যাটন পড়ে যাওয়া, ডিসকোয়ালিফাই হওয়া, আপিল করে আবার সুযোগ পাওয়ার পর এই অর্জন। বাছাইয়ে শেষে একা একা দৌড়ে ফাইনাল নিশ্চিত করতে হয়েছে তাদের। রিপ্লে দেখে বোঝা গিয়েছিল যে ফেলিক্স গার্ডনারের কাছে ব্যাটন বদল করার সময় ব্রাজিলিয়ান কাইজা ভেনাসিওর ধাক্কায় ভারসাম্য হারিয়েছিলেন। ব্যাটন তাতে পড়ে যায়। ফেলিক্স দুইবার জিতলেন এই রিলের সোনা। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ৪x৪০০ মিটার রিলে দলে থেকে জিতেছেন সোনা। আর তার ব্যক্তিগত সোনাটি এসেছিল ২০০ মিটারে, বৃটিশ রাজধানীতে।

জ্যামাইকার অভিজ্ঞ ক্যাম্পবেল ব্রাউনের জন্যও স্মরণীয় রাত ছিল এটি। স্বদেশি কিংবদন্তি মারলেন ওটির পর ইতিহাসের মাত্র দ্বিতীয় অ্যাথলেট হিসেবে ৫টি অলিম্পিক গেমসে পদক জিতলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *