রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে আটক ২

বিডি নিউজ ৬৪: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে তাদেরকে আটক করা হয়। ছাত্রলীগের দাবি, এদের মধ্যে একজন বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল হাসান সৈকত ও রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক। তারা দুজনই বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুরের জুঁই ছাত্রাবাসে থাকেন।

হল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈকত, রাজ্জাকসহ ১০-১২ জন হবিবুর হলের ডাইনিংয়ে খাওয়ার জন্য আসেন। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ তাদের অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে সৈকত ও রাজ্জাককে পুলিশে দেন  ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, “আচরণে সন্দেহ হওয়ায় ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুইজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে।” তার দাবি, এদের মধ্যে সৈকত বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য শেয়ার করেছে। মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, “তাদেরকে শিবির সন্দেহে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *