বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ এর ইতিহাস!

বিডি নিউজ ৬৪: স্প্রিন্টের মহাপুরুষের লক্ষ্যই ছিল এটি। এবং সেই লক্ষ্য পূরণ করে ইতিহাসে অমর হয়ে অলিম্পিক ক্যারিয়ার শেষ করলেন উসাইন বোল্ট। ভিন্ন গ্রহের এই দৌড় শিল্পি রিওতে জিতে নিয়েছেন তার তৃতীয় সোনা। জিতেছেন অলিম্পিকের ‘ট্রিপল ট্রিপল’। টানা তিন অলিম্পিকে তিনটি একই ইভেন্টে ৯ বার চ্যাম্পিয়ন! অলিম্পিকের ইতিহাসে যা ঘটেনি আগে কখনো। শনিবার বাংলাদেশ সময় সকালে রিওর অলিম্পিক স্টেডিয়ামে ৪x১০০ মিটার স্প্রিন্টের রিলে জিতেছেন বোল্ট ও তার দেশ জ্যামাইকা। টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ মিটার স্প্রিন্ট ও ৪x১০০ মিটার রিলের সোনা জিতলেন। তিন অলিম্পিকে ৯টি ইভেন্টে অংশ নিয়ে জিতেছেন ৯টি সোনা। এই অমর কাব্য কেবল জ্যামাইকান বিদ্যুৎকেই মানায়!

টানা তিন গেমসে স্প্রিন্টের এই তিন ইভেন্ট জয়ের রেকর্ডটা হাতছানি দিয়ে ডাকছিল বোল্টকে। ২৯ বছরের বোল্ট সেই ডাকে সাড়া দিয়ে এমন কীর্তি গড়া প্রথম অলিম্পিয়ান হলেন। আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক ও নিকেল আশমিডের সাথে বোল্টের দল ৩৭.২৭ সেকেন্ডে রিলে শেষ করে জিতেছে রিওর সোনা। জাপান বিস্ময়ের জন্ম দিয়ে জিতেছে রুপা। আর যুক্তরাষ্ট্র ডিসকোয়ালিফাইড হয়েছে। কানাডা জিতেছে ব্রোঞ্জ।

বোল্ট জানিয়েছেন, এটাই তার শেষ অলিম্পিক। তার মানে বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার অলিম্পিকে তার শেষ দৌড়টা দৌড়ে ফেললেন। আর শেষ করলেন অলিম্পিক অ্যাথলেট হিসেবে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ডটা দুই গ্রেট অ্যাথলেটের সাথে ভাগাভাগি করে। তার মতো অ্যাথলেটিক্সে ৯টি অলিম্পিক সোনা আছে যুক্তরাষ্ট্রের সাবেক লং জাম্পার কার্ল লুইস ও দূরপাল্লার দৌড়বিদ পাভো নুরমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *