এবার গরু পাচারের গুজবে বিজেপিকর্মী নিহত

বিডি নিউজ ৬৪: ভারতের কর্ণাটক রাজ্যে এক বিজেপি কর্মীকে তথাকথিত গো রক্ষকরা পিটিয়ে মেরে ফেলেছে। সেখানকার পুলিশ বলছে, বিজেপিরই সহযোগী উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের কর্মীরাই এই হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

কর্ণাটকের পুলিশ বলছে, উদুপি জেলার বাসিন্দা প্রবীণ পূজারী বলে এক ব্যক্তি গতকাল নিজের একটি ছোট টেম্পোতে করে গোটা তিনেক গরু নিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই ২০ জন ব্যক্তি মি. পূজারী ওর তাঁর এক সঙ্গীকে আক্রমণ করে। তাঁদের অভিযোগ ছিল, মি. পূজারী ওই গরুগুলি পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।
তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে তারা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পূজারীকে। সেখানেই মারা যান তিনি। তাঁর সঙ্গী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত পূজারী হিন্দুত্ববাদী বিজেপির কর্মী বলেই জানা যাচ্ছে, আবার যাদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ, তারাও বিজেপির সহযোগী সংগঠন।

পুলিশ বলছে, যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ছাড়াও আরও কিছু ব্যক্তি ছিল। এই পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত দেড় বছরে একের পর এক কথিত গো রক্ষার নাম করে ভারতে হামলা হয়েই চলেছে। উত্তরপ্রদেশে এক মধ্যবয়স্ক মুসলমান ব্যক্তিকে এই কথিত গো রক্ষকরা পিটিয়ে মেরে ফেলে। আর অন্যান্য জায়গাতেও গরু পাচার রোধ অথবা গরুর জবাই রোধ এমনকি গরুর মাংস নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগেও হেনস্থা হামলার শিকার হচ্ছেন অনেকে। তবে এবার একজন বিজেপি কর্মীই নিহত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *