লক্ষ্মীপুরে নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মাসুম বিল্লাহর (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ শুক্রবার দুপুরে মেঘনা নদীর উরিরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি  উদ্ধার করেন স্বজনরা।

মাসুম বিল্লাহ কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা হানিফ মাঝির ছেলে। এদিকে, এ ঘটনায় পানিতে ডুবে ছোট ভাই কলেজ ছাত্র হাসান মাহমুদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। পাটারিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর জানান, নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীতে লাশ ভাসতে দেখেন জেলেরা। খবর পেয়ে স্বজনরা নদী থেকে মাসুমের লাশ উদ্ধার করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দুই ভাইসহ মাসুম বিল্লাহ ও হাসান মাহমুদ  পাঁচজন জেলেসহ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যান। রাত আড়াইটার দিকে কমলনগরের মেঘনা নদীর উরিরচর এলাকা মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউ আঘাতে নৌকাটি ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া নৌকার জেলে খোরশেদ (৩০), নুরনবী (৩০) এবং আবুল কালাম (৪৫) সাঁতার কেটে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই মাসুম ও হাসান নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *