বিডি নিউজ ৬৪: সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কুশীলবদের সবার মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “পনেরই আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে কারা জড়িত- এর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর জন্য একটি কমিশন গঠন করতে হবে। আজ শুক্রবার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বাঙালী সাংস্কৃতিক জোট’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, “মোশতাক, ডালিম ছাড়াও এই হত্যাকাণ্ডে পেছন থেকে কারা ইন্ধন দিয়েছিল, এর কুশীলব কারা- এটা জাতির সামনে তুলে ধরার দাবি জানাই। সাথে সাথে কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে। আর যে সব আসামি এখনো পলাতক, তাদের দেশে এনে রায় কার্যকর করতে হবে।”
সাম্প্রতিক জঙ্গিবাদী হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে প্রত্যক্ষভাবে দায়ী করে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে জামায়াতে ইসলামী যখন রাজনীতি করতে পারছে না, তখন তারা বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে নামে-বেনামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
জঙ্গি হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার দাবি জানিয়ে আওয়ামী লীগের চট্টগ্রামের এই সাংসদ বলেন, “এই মুহূর্তে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে হলে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে হবে। এই জাগরণের মাধ্যমে মানুষের কাছে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালাতে হবে।”
সংগঠনের সভাপতি সাইফুল আজম বাসারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুর রহমান শিখর ও চিত্রনায়ক ফারুক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল