উগ্রবাদ প্রচারের বিরুদ্ধে টুইটারের কঠোর সিদ্ধান্ত

বিডি নিউজ ৬৪: সহিংস উগ্রবাদী প্রচারের অভিযোগ থাকায় গত ছয় মাসে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। গতকাল বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
টুইটার কর্তৃপক্ষের ভাষ্য, ২০১৫ সালে মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে টুইটারে উগ্রবাদী প্রচার কমানোর ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এসেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উগ্র হুমকি ও সন্ত্রাসী প্রচারের অভিযোগে ১ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার ঘোষণা দেয় টুইটার। তাদের দাবি, ওই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে মারাত্মক ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়।
টুইটারের এক ব্লগ পোস্টে জানানো হয়, ‘আমরা দৃঢ়ভাবে এসব কাজের নিন্দা জানাই এবং টুইটার প্ল্যাটফর্মে এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রচারের কোনো সুযোগ রাখা হবে না, এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।’
টুইটার কর্তৃপক্ষের ভাষ্য, ইন্টারনেটের দুনিয়ায় সন্ত্রাসমূলক কার্যকলাপ-বিষয়ক কনটেন্ট শনাক্ত করার ‘ম্যাজিক অ্যালগরিদম’ নেই। কিন্তু অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে একটি সফটওয়্যার তৈরিতে চেষ্টা করছে টুইটার। এ ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে টুইটার।
সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসীরা যাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো থেকে সুবিধা নিতে না পারে, এ বিষয়ে সাইটগুলোর ওপর চাপ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *