যে কারণে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড করতে পারলেন না বোল্ট

বিডি নিউজ ৬৪: ১০০ মিটারে অলিম্পিকের ‘ট্রিপল’ সোনা জিতে আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছিল। তখনই উসাইন বোল্ট বলেছিলেন, ২০০ মিটারে নিজের বিশ্ব রেকর্ডের দিকে চোখ তার। এরপর ২০০ মিটারের হিট ও সেমিফাইনালে ছিটকে ফেললেন সবাইকে। তখন বললেন, ফাইনালে নিজের বিশ্ব রেকর্ডটাই ভেঙে ফেলতে পারেন। আজ শুক্রবার ২০০ মিটারের ‘ট্রিপল’ সোনা জিতে ইতিহাস গড়েছেন জ্যামাইকান বিদ্যুৎ। কিন্তু নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি। এবং বোল্টের দাবি, বুড়ো হচ্ছেন। শরীর আগের মতো সাড়া দিচ্ছে না বলেই ২০০ মিটারের নিজের বিশ্ব রেকর্ডটা ভাঙা হরো না তার।

২০০৮ বেইজিং অলিম্পিক থেকে বজ্র বিদ্যুৎ বোল্টের উত্থাণ। সেবার ১০০, ২০০ ও ৪x১০০ মিটার রিলের সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। এরপর ২০০৯ সালের আগস্টে বার্লিনে আগের বছর বেইজিংয়ে গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ১৯.৩০ সেকেন্ড টপকে এখনো অক্ষয় তার ১৯.১৯ সেকেন্ড। মাঝে নিজের ওই তিন ইভেন্টে লন্ডনের ২০১২ অলিম্পিকে সোনা জিতে ইতিহাসে অমর হয়েছেন। এবার ১০০ ও ২০০ মিটার ‘ডাবল’ জয়ের ‘ট্রিপল’ গড়ে বোল্টের দাবি তার নামের পাশে ‘গ্রেটেস্ট’ লেখার।

কিন্তু ২০০ মিটারের বিশ্ব রেকর্ড! এবার জিতেছেন ১৯.৭৮ সেকেন্ডে। কানাডার আন্দ্রে ডি গ্রাস ও ফ্রান্সের ক্রিস্তোফে লেমাইত্রে পরের পদক দুটি জিতলেও বোল্টের পেছনে পড়ে গেছেন সহজে। আর এই অলিম্পিকের সমাপনী দিনে বোল্টের বয়স ৩০ পুরো হবে। বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার রিওর ২০০ মিটার জিতে বয়সকেই দুষলেন, “টাইমিংটা নিয়ে আমি খুশি না। আমার শরীরটা আর সেইরকম সাড়া দেবে না। আমার বয়স বাড়ছে। শরীর বুড়ো হচ্ছে।”

কথা ছিল এই অলিম্পিক তার শেষ। আগামী বছর লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারিয়ারের শেষ। কিন্তু রিওতে অলিম্পিকে নিজের শেষ ব্যক্তিগত ইভেন্টে দৌড়ানোর পর আর বুঝি ১০০, ২০০ মিটারে দৌড়ানোর ইচ্ছে বাকি নেই বোল্টের! কারণ তার সরল স্বীকারোক্তি, “ব্যক্তিগত ভাবে আমি মনে করি এটাই আমার শেষ ২০০ মিটার। কিন্তু আমার কোচ তা মানছেন না।” রিলের সোনা জিতে অলিম্পিকের ‘ট্রিপল ট্রিপল’ মুকুট নিয়ে গেমসকে বিদায় দেওয়ার অপেক্ষায় এখন ‘গ্রেটেস্ট’ বোল্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *