নৌকার ইঞ্জিন বিকল : ৩১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড

বিডি নিউজ ৬৪: ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে আটকা পড়া দুটি মাছ ধরার নৌকা থেকে ৩১ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। গত ১৬-১৭ আগস্ট লঘূ চাপের কারণে পশ্চিমবঙ্গ উপকূলে বিরাজ থাকা বৈরি আবহাওয়ার মধ্যেই এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার কোস্ট গার্ডের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানায়, উদ্ধার হওয়া বাংলাদেশি নৌকাগুলোর একটির নাম ‘আল্লাহর দান’ ও আরেকটির নাম ‘ফরহাদ’। ‘আল্লাহর দান’ নৌকা থেকে ১৫ জন এবং ‘ফরহাদ’ নামের নৌকাটি থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। ‘আল্লাহর দান’ নৌকার আরোহীদের স্থানীয় একটি মাছ ধরার নৌকাতে করে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে ১৬ আরোহীসহ ‘ফরহাদ’কে স্থানীয় মাছ ধরার নৌকার সাহায্যে ফাজিরগঞ্জে টেনে নেয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, উদ্ধার হওয়া জেলেদেরকে খাবার ও চিকিৎসা সহায়তা দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *