বিডি নিউজ ৬৪: ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৪ বিদেশি নাগরিকসহ আন্তর্জাতিক প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর একটি টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন রাজধানীর ভাটারায় বসবাসরত নাইজেরিয়ান নাগরিক ডেনিস ওকুদিরী ওরফে শেফ (৪০), অগাস্টিন ম্যাথিউ (৩৬), মারফনি ননসো ওজোমিয়া (৪১), ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫), গোপালগঞ্জের কোটালিপাড়া পলোটানা গ্রামের আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২)।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, এএসপি মো. আলেপ উদ্দিন ও এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি কালো রংয়ের ব্রিফকেসে রক্ষিত সাদা পাতলা পলিথিন দ্বারা মোড়ানো পাউডার মিশ্রিত ৩৬ বান্ডিল ডলার সাইজের কালো কাগজ (ভুয়া ডলার তৈরির কাগজপত্র), ঘিয়ে রংয়ের চারটি হ্যান্ড গ্লাভস, সাদা রংয়ের তুলা দ্বারা নির্মিত চ্যাপ্টাকার একটি আবরণ (ভুয়া ডলার তৈরির সামগ্রী)।
র্যাব-১১ এর আদমজীস্থ সদর দপ্তরে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় আটক পাঁচজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল