বিডি নিউজ ৬৪: এইচএসসি পরীক্ষায় গত দুই বছরের তুলনায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬৪ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে জিপিএ প্রাপ্তির হারও। এ বছর জিপিএ পেয়েছেন তিন হাজার ৮৯৯ জন। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ পেয়েছিলেন মাত্র দুই হাজার ৩৯৫ জন।
জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের আটটি জেলার ৬০৯টি কলেজে থেকে ফর্ম পূরণ করা এক লাখ চার হাজার ৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ তিন হাজার ৯৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী পাসের হার ৭৩ দশমিক ২৩ শতাংশ এবং ছাত্র পাসের হার ৬৮ দশমিক ৩৩ শতাংশ। তবে জিপিএ ছাত্রীদের তুলনায় বেশিসংখ্যক ছাত্রর জিপিএ পেয়েছেন। ছাত্ররা জিপিএ পেয়েছেন দুই হাজার ৩৩৪ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ পেয়েছেন এক হাজার ৫৬৫ জন। ফল জানার সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তবে আটটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
এর আগে দুপুর ১টায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন বোর্ডের সচিব আমিনুল হক সরকার। শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপশি শিক্ষা বোর্ড অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষ নজর দেওয়ায় পাসের হার বেড়েছে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, পাস না করা আটটি কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলামসহ অন্যরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল