বিডি নিউজ ৬৪: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষিত এইচএসরি ফল অনুযায়ী এ বছর পাসের হার বৃদ্ধি পেলেও কমেছে জিপিএ-এর হার। প্রকাশিত ফলে পাসের হার ৭০ দশমিক ১৩ ভাগ, যা গত বছরের চেয়ে দশমিক ছয় ভাগ বেশি।
দেশের সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে বরিশালে অবস্থান চতুর্থ। বোর্ডের অধীনে ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ হাজার ১৫৭ জন শিক্ষা পাস করেছে। গড় পাসের হার ৭০ দশমিক ১৩। জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭৮৭ জন। গত বছর ৫৫ হাজার ৮০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮ হাজার ৩০৫ জন পাস করেছিল। জিপিএ ৫ পেয়েছিল এক হাজার ৩১৯ জন। গত বছরের চেয়ে এ বছর ৫৩২ জন কম পেয়েছে। তবে বরাবরের মতো মেয়েরা পাসের হারে এগিয়ে থাকলেও জিপিএ ৫ এ এগিয়ে রয়েছে ছেলেরা।
পাসের হার বেড়েছে ০.৭ ভাগ :
প্রকাশিত ফল অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৩ হাজার ১৫৭ জন শিক্ষার্থী পাস করেছে। গড় পাসের হার ৭০.১৩ ভাগ। গত বছর ৩০১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার ৮০৪ জন পাস করেছিল। ওই বছর গড় পাসের হার ছিল ৭০ দশমিক ০৬ ভাগ। গত বছরের চেয়ে এ বছরের শূন্য দশমিক ৭ ভাগ বেশি।
পাসের হারে মেয়েরা এবং জিপিএ ৫ এ ছেলেরা এগিয়ে :
এ বছর মেয়েরা ছেলেদের চেয়ে পাসের হারে এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছে জিপিএ ৫ এর সংখ্যার দিক থেকে। ছেলেদের চেয়ে ৪৫ জন মেয়ে পরীক্ষার্থী জিপিএ ৫ কম পেয়েছে। ২৯ হাজার ৩৫৭ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ২৫০ জন। মেয়েদের পাসের গড় হার ৭২ দশমিক ৩৮ ভাগ। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৭১ জন। গত বছর ২৭ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ২০ হাজার ১১৯ জন। গড় পাশের হার ছিল ৭৩ দশমিক ০৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছিল ৬৫৯ জন।
এ বছর ৩২ হাজার ১৮১ ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৯০৭ জন। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ০৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন। গত বছর ২৮ হাজার ৩০৫ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ১৮ হাজার ৯৭৮ জন। গড় পাসের হার ছিল ৬৭ দশমিক ০৫ ভাগ। জিপিএ ৫ পেয়েছিল ৬৬০ জন।
বিজ্ঞানের জয়:
প্রকাশিত ফলে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। ৯ হাজার ৪৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সাত হাজার ৭৪১ জন। গড় পাসের হার ৮১ দশমিক ৯৮ ভাগ। একই সংখ্যক শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৫৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এ বিভাগ থেকে ২০ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৬ হাজার ২৫ জন। এ বিভাগে গড় পাসের হার ৭৭ দশমিক ১৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১১৯ জন। ৩১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। পাসের হার ৬১ দশমিক ৮৯ ভাগ।
শতভাগ করেছে দুই প্রতিষ্ঠান:
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে জেলার ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। একই সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে মাত্র দুইটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে। কলেজ দুইটি হলো বরিশাল ক্যাডেট কলেজ ও পটুয়াখালী জেলার পটুয়াখালীর জুলি আউলিয়া মডেল কলেজ। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ও জুলি আউলিয়া মডেল কলেজ থেকে ছয়জন অংশ নিয়ে সবাই পাস করেছে।
পরীক্ষার জিপিএ ৫ এর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা বোর্ডের সচিব মোতালেব হাওলাদার বলেন, “এ বছর যুক্তিবিদ্যা, অর্থনীতি এবং আইসিটির মতো বিষয় সৃজনশীল হওয়ায় জিপিএ ৫ এর হার কমেছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল