এইচএসসি ও সমমানে পাশের হার ৭৪.৭০ শতাংশ

বিডি নিউজ ৬৪: এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এবার সারা দেশে পাশের হার শতকরা ৭৪.৭০ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে শতকরা ৫.১ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে সিলেট বোর্ডে পাশের হার শতকরা ৬৮.৫৯ শতাংশ, কুমিল্লায় ৬৪.৪৯ শতাংশ, চট্ট্রগামে ৬৪.৬০, দিনাজপুরে ৭০.৬৪ ও রাজশাহীতে ৭৫.৪০ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন। এরপর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ৯ জুন শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ২২ মের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ১২ জুন নেওয়া হয়। ১১ থেকে ২০ জুনের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা। এই এইচএসসি ও সমমানের ফল থেকেই শিক্ষার্থীরা জিপিএর সঙ্গে বিষয়গুলোর নম্বরও জানতে পারবে বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *