বিডি নিউজ ৬৪: লিওনেল মেসির হাতে আরেকটি শিরোপা। এবার সেটি স্প্যানিশ সুপার কাপের। এই শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু হলো বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ক্যাম্প নুতে গেলো রাতে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। প্রথম লেগে দুই গোলের জয়ে এগিয়েই ছিল কাতালানরা। মেসি, আরদা তুরানরা নিশ্চিত করেছেন শিরোপা জয়।
স্কোরশিটে যেমনটা দেখাচ্ছে আসলে ম্যাচের ফল তেমনটা নাও হতে পারতো। তাতে সেভিয়া জিততো কি না, সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে গোল হতে পারতো আরো। সেভিয়া পেনাল্টি মিস করেছে। গোল মিস করেছে। দুই গোল করা তুরান বার্সার সাথে তার সেরা পারফরম্যান্স উপহার দিলেও হ্যাটট্রিকের সুযোগ মিস করেছেন। তবু নিশ্চয়ই আক্ষেপ নেই বার্সার সমর্থকদের। তাদের যে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন মেসিরা।
দুই অর্ধে একটি করে গোল করেছেন তুরান। কিন্তু ম্যাচটা আসলে মেসির। যথারীতি অসাধারণ পারফরম্যান্স তার। সেভিয়ার প্রান্তে ত্রাসের রাজত্ব ছিল আর্জেন্টাইন সুপারস্টারের। অবশ্য ম্যাচের শুরুটা ছিল সেভিয়ার। গোলকিপার ক্লদিও ব্রাভোর অসাধারণ সেভ। তাতে বাঁচলো দল। শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন ব্রাভো।
প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেই পাল্টা আঘাত বার্সার। ম্যাচের ১০ মিনিট আন্দ্রে গোমেস ও মেসি আক্রমণ সাজালেন। শেষটায় তুরান লিড এনে দিলেন দলকে। কিছুক্ষণের মধ্যে ব্যবধান ২-০ হয়। কিন্তু আলেইক্স ভিদালের কাট-ব্যাকে পাওয়া বল লক্ষ্য থেকে সামান্য দূরে মেরেছেন মেসি। সের্গি রবার্তো না, ভিদালকে সুযোগ দিয়েছিলেন কোচ লুই এনরিক। নু ক্যাম্প দেখেছে নতুন সই করা গোমেস, স্যামুয়েল উমিতি, ডেনিস সুয়ারেস ও লুকাস ডিগনের প্রথম চমক।
ফ্রেঞ্চ সেন্টার ব্যাক উমিতি ভালো খেলছিলেন। কিন্তু আধ ঘণ্টার দিকে মারিয়ানো ফেরাইরার বল ঠেকাতে গিয়ে হাতে লাগালেন। পেনাল্টি। কিন্তু সেভিয়ার অধিনায়ক ভিসেন্তে ইবোরার শট রুখে দিলেন ব্রাভো। সেভিয়ার অবশ্য বিরতির ঠিক আগেই সমতা আনা উচিৎ ছিল। গ্যাব্রিয়েলা মারকাদো হেডে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়েছেন।
এই দুই মিসের মূল্য তো দিতেই হতো। দিয়েছে সেভিয়া। বিরতি থেকে ফেরার মিনিট পাঁচেক পর তুরানের দুরপাল্লার শটে ব্যবধান ২-০ হয়েছে। কয়েক মিনিট পর তার হ্যাটট্রিক হয়। মেসি বল দিয়েছিলেন মোক্ষম জায়গায়। কিন্তু লক্ষ্যহীন শট নিয়েছেন তুরান। মেসি বার্সার পরের গোলটি নিজেই করলেন। এবং তা হেডে। ডিগনের পাঠানো চমৎকার ক্রসকে গোলে রূপ দিয়ে স্টেডিয়ামে তুলেছেন বিস্ফোরণ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল