আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন অস্কার মোরেল

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি জোড়া খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া অস্কার মোরেল আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার নিউ ইয়র্কের ওজনপার্ক এলাকায় মসজিদে যোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪) কে প্রকাশ্য দিনের বেলায় মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার সন্দেহভাজন হিসেবে রবিবার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়, আজ মঙ্গলবার অস্কার মোরেলকে হাতকড়া পড়িয়ে আদালতে হাজির করা হয়। আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন সন্দেহভাজন মোরেল। সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাওয়ার বিষয়ে তিনি আদালতকে বলেন, ওই হত্যাকাণ্ডের দিনই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তা হত্যাকাণ্ডের আগে। হত্যাকাণ্ডের সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেন।

অপরদিকে প্রসিকিউটর পিটার ম্যাককরম্যাক আদালতকে বলেন, ‘এটা সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণ্য অপরাধ, যেখানে ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি তাদের (ইমাম ও তার সহকারী) পেছন দিক থেকে মাথায় গুলি করে। তাদের হত্যার উদ্দেশে হামলা করা হয়।’

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালতের বিচারক ক্যারেন গোপী পরবর্তী শুনানির তারিখ আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করেন। সেদিন মোরেলের জন্য একজন আইনজীবী নিয়োগ করার কথা রয়েছে।

পুলিশ আরো জানায়, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও তারা নিশ্চিত নয়। তবে তারা ধারণা করছেন, ঘৃণার বশবর্তী হয়ে ওই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *