বিডি নিউজ ৬৪: পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে শর্মী আক্তার নামে তিন বছরের একটি শিশু নিখোঁজ রয়েছে। আজ বুধবার পর্যন্ত তিন দিনেও সন্ধান মেলেনি শিশুটির। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ জোলাগাতি গ্রামে গত সোমবার দুপুরে খালে পড়ে জোয়ারে ভেসে নিখোঁজ হয় সে।
নিখোঁজ শিশু শর্মী উপজেলার দক্ষিণ জোলাগাতি গ্রামের জেলে মো. দুলাল হালাদারের মেয়ে।
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু শর্মীর চাচাতো ভাই মিঠু হাওলাদার শিশুটিকে গোসল করাতে বসতবাড়ির সামনে খালের ঘাটে নিয়ে যায়। তাকে গোসল করিয়ে ঘাটের ওপর দাঁড় করিয়ে সে নিজে খালে নেমে গোসল করে। এ সময় শর্মী ঘাট থেকে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়। পরে মিঠুর চিৎকারে পরিবারের স্বজনরা ছুটে এসে খালে নেমে শিশুটির সন্ধান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে শিশুটির সন্ধানে গত তিন দিন ধরে এলাকায় মাইকিং করে সন্ধানের চেষ্টা চালাচ্ছে গ্রামবাসী।
নিখোঁজ শর্মীর নানা জোলাগাতি গ্রামের আবদুস সালাম খাঁ জানান, তার নাতনি শর্মীকে গ্রামের খালে ও কচা নদীতে খুঁজে এখনো পাওয়া যায়নি। এলকায় তিন দিন ধরে মাইকিং করা হচ্ছে। গ্রামবাসীও শিশুটির সন্ধান চালাচ্ছে। শর্মীর এমন মর্মান্তিক মৃত্যু গ্রাবাসীকেও শোকাহত করেছে। স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে তিন দিন ধরে খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে খালের জোয়ারের তোড়ে শিশুটি ভেসে গিয়ে কচা নদীতে চলে যেতে পারে। দরিদ্র ওই জেলে পরিবার শুধু নয় পুরো গ্রামবাসী নিষ্পাপ শিশুটির জন্য শোকাহত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল