বিডি নিউজ ৬৪: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্রমেঘ) তৈরি হচ্ছে।
উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার ভাদ্র মাসের প্রথম দিন। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী বর্ষাকাল বিদায় নিয়ে বাংলাদেশের প্রকৃতিতে এসেছে শরৎকাল। মঙ্গলবার ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায়ই বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গল। সেখানে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল