মাওয়ার সঙ্গে তিন ঘাটের লঞ্চ-সিবোট চলাচল বন্ধ

বিডি নিউজ ৬৪: পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সিগঞ্জের মাওয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ঘাটের লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট নৌপথে ওই নৌযানগুলো চলাচল না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর উপপরিচালক (মাওয়া ঘাট) এস এম আসগর আলী বলেন, সকাল থেকে পদ্মা নদী বেশ উত্তাল। নদীতে স্রোতও বেশি। এ ছাড়া মাওয়া পয়েন্টে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে মাওয়ার সঙ্গে কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটের নৌপথে লঞ্চ, সিবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

লঞ্চ মালিক সমিতির মঙ্গলমাঝি ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাতবর বলেন, মাওয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ঘাটে প্রতিদিন ৮৭টি লঞ্চ ও ছয় শতাধিক সিবোট চলাচল করে। কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে নৌযানগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ঘাটে হাজারো যাত্রী আটকা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *