বিডি নিউজ ৬৪: একটি অলিম্পিক পদক। সারা জীবনের অর্জন। কিন্তু সেই ভাবনা বাদ দিয়ে প্রতিযোগিতার সময় অন্যকে সহায়তা করতে পারে কজন? রিও অলিম্পিকের একাদশ দিনে একেবারে ভিন্ন ঘটনা ঘটলো। যাকে বলা যায় অলিম্পিক চেতনার প্রকাশ। দুই দৌড়বিদ ৫,০০০ মিটারে বাছাইয়ে দৌড়ের মাঝপথে ধাক্কা লেগে ট্র্যাকে পড়ে গেলেন। পদকের চিন্তা না করে একে অন্যকে উঠতে সহায়তা করলেন। তারা শেষে বাদ পড়লেও অলিম্পিক আয়োজকরা তাদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছে।
নিকি হ্যাম্বলিন ও অ্যাবি ডি’আগোস্টিনো তাদের খেলোয়াড়সুলভ আচরণের জন্য বিখ্যাত হয়ে গেছেন রাতারাতি। তাদের সাথেই ঘটেছে ঘটনা। আমেরিকান দৌড়বিদ ডি’আগোস্টিনোর সাথে নিউজিল্যান্ডের হ্যাম্বলিনের ধাক্কা লাগে। তখনো ২,০০০ মিটার বাকি। দুজনই পড়ে যান ট্র্যাকে। হ্যাম্বলিন পড়েই থাকলেন। ডি’আগোস্টিনো উঠে তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তাকে উঠতে সহায়তা করলেন। কিন্তু পায়ে ব্যথা পাওয়া ডি’অগাস্টিনোকেও এরপর সহায়তা করলেন হ্যাম্বলিন। দুজন মিলে দৌড়টা শেষ করলেন।
হিটের বাছাইয়ে তারা বাদ পড়লেও অলিম্পিক আয়োজকরা এক বিবৃতিতে তাদের ফাইনালের জায়গা নিশ্চিত করেছেন। এই দুইয়ের সাথে ধাক্কা খাওয়া অস্ট্রিয়ার জেনিফার ওয়েন্থও ফাইনালে জায়গা পেয়েছেন বিশেষ বিবেচনায়।
হ্যাম্বলিন এই ঘটনার পর বললেন, “পড়ে গিয়ে ভাবলাম কি হলো? আমি মাটিতে কেন? তখন হঠাৎ আমার কাঁধে ওর হাত পেলাম। বলছে, ‘ওঠো, ওঠো। আমাদের দৌড় শেষ করতে হবে।’ আমি বললাম, ‘হ্যাঁ, তাইতো। এটা অলিম্পিক গেমস। আমাদের শেষ করতেই হবে।”‘
২৪ বছরের ডি’আগোস্টিনোর কথা কখনো ভুলবেন না হ্যাম্বলিন, “এই মেয়ের মাঝে অলিম্পিকের চেতনা আছে। কখনো তার সাথে দেখা হয়নি আগে। কি বিস্ময়কর এক মেয়ে। কখনো ভুলবো না। ২০ বছর পরও রিওতে আমার সেরা ঘটনা এটিকে বলবো।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল