বিডি নিউজ ৬৪: আজ থেকে সিলেটে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের প্রতি সমর্থন দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জৈন্তাপুরের সারিঘাট, ফেরিঘাট ও হরিপুর এলাকাসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে অবৈধভাবে ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রাক ধর্মঘট নিয়ে প্রথমে এক দফা বৈঠক হয়। কিন্তু শ্রমিক নেতারা দাবি আদায়ে বিলম্বের কথা শুনে ধর্মঘট প্রত্যাহার করেননি। ফলে ব্যর্থ হয় জেলা প্রশাসনের বৈঠক। পরে সন্ধ্যা ৭টার দিকে সার্কিট হাউসে শুরু হয় ফের জেলা প্রশাসন, আওয়ামী লীগ নেতা এবং শ্রমিক নেতাদের বৈঠক। সেখানেও বিষয়টির কোন সুরাহা না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্তই বলবৎ থাকে।
ট্রাক শ্রমিকদের সঙ্গে এসব বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল