বিডি নিউজ ৬৪: গেলো বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারেননি। এই সময়ের ফেভারিট গেনজেবা দিবাবাই হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু রিওর অলিম্পিকে এসে মধুর প্রতিশোধ নিলেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন। শেষ ল্যাপে দারুণ স্প্রিন্ট করে নারীদের ১৫০০ মিটারের সোনা জিতে নিয়েছেন ফেইথ। রুপা জিতেছেন দিবাবা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিবাবার পেছনে থেকে রুপা জিতেছিলেন ফেইথ।
এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও দিবাবার। ফেইথ রিওতে ৪ মিনিট ০৮.৯২ সেকেন্ডে দৌড় শেষ করে পেছনে ফেলেছেন তাকে। দিবাবার টাইমিং ৪:১০.২৭ সেকেন্ড। আমেরিকার জেনিফার সিম্পসন ৪:১০.৫৩ সেকেন্ডে জিতেছেন বোঞ্জ।
২২ বছরের ফেইথ পুরো প্রস্তুতি নিয়েই রেসে নেমেছিলেন। জানতেন কি হতে পারে। সোনার পদকটি গলায় ঝুলিয়ে সেই কথাই জানালেন, “এটা খুব দ্রুতগতির রেস হবে জানতাম। শেষ ল্যাপে দারুণ ছুটতে হয়েছে। এই দৌড়ের জন্য আমার প্রস্তুতি ভালো ছিল। দেশকে সোনা জেতাতে পেরে গর্বিত আমি। এটা অলিম্পিকে আমার প্রথম পদক বলে খুব খুশি আমি। ভালো কৌশলগত লড়াই হয়েছে।”
বছরের শুরুতে ২৫ বছরের দিবাবা ইনডোরে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ৩০০০ মিটার জিতেছেন। কিন্তু ইনজুরির কারণে আউটডোরে নামতে দেরী হয়েছে। সম্প্রতি তিনি শিরোনামে এসেছিলেন অন্য কারণে। তার সোমালি কোচ সামা আয়েন ড্রাগ-ট্রাফিকিংয়ের অভিযোগে স্পেনে গ্রেফতার হয়েছেন। আর ফেইথ যখন যথার্থ প্রস্তুতির কথা বলছেন তখন প্রস্তুতির অভাবের কথা শোনা গেল দিবাবার কণ্ঠে, “গত মাসেও ইনজুরি ছিল। দরকার মতো অনুশীলন করতে পারিনি। ফেইথ দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি আমার পারফরম্যান্সে খুশি।”
রিওর অলিম্পিক স্টেডিয়ামে শেষ দুই ল্যাপে পা রেখেই গতি বাড়িয়ে দেন দিবাবা। তিনি সামনেই ছিলেন। শেষ ল্যাপের শুরু পর্যন্ত লিড ধরে রাখেন। কিন্তু ফিনিশিং ল্যাপে অসাধারণ ছুটে তাকে ছাড়িয়ে যান ফেইথ। এবং জিতে নেন সোনা। ২০১২ আসরের ১৫০০ মিটার ফাইনালের ৯ প্রতিযোগীর ৬জন ডোপিংয়ের কারণে এই আসরে অংশই নিতে পারেননি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল