অন্তর্মুখীদের নেতা হয়ে ওঠার ৪ কৌশল জেনে রাখুন

১. শুনুন এবং সহমর্মিতা প্রকাশ করুন
যে  নেতারা অন্তর্মুখী তাঁরা সাধারণত আদর্শ শ্রোতা হতে পারেন। অন্যের সঙ্গে সহমর্মিতা প্রকাশেই তাঁরা সবার থেকে এগিয়ে। আর এই গুণগুলো যেকোনো ক্ষেত্রে মানুষকে শীর্ষে নিতে দারুণ কাজ করে। একজন সিইও হিসেবে কেবল চোখ দিয়ে প্রতিষ্ঠানের ঘটনা দেখলেই চলে না। এর বাইরেও অনেক গল্প ছড়িয়ে থাকে। কোনো বিভাগ খারাপ করলে কেবল তাদের ভালো করার নির্দেশ জারি করলেই যথেষ্ট নয়। বরং সিইওর উচিত বিভাগের সবার সঙ্গে কথা বলা। প্রত্যেকের যাবতীয় অভিযোগ শোনার ধৈর্য একমাত্র অন্তর্মুখী নেতারই থাকে।
২. গভীর চিন্তা করুন উদ্দেশ্য নিয়ে
কর্মক্ষেত্রে এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা প্রথমেই কথা বলেন। কিন্তু তাঁরা ভাবেন অনেক পরে। তাঁদের পক্ষে সবাইকে নিয়ে কাজ করে যাওয়া অনেক কঠিন। তাঁরা পরিস্থিতি বিচার করেন না। জোরপূর্বক কার্য সমাধার চেষ্টা করেন। তাঁরা যখন নেতৃত্বের দিকে এগিয়ে যান, তখন কোনো একপর্যায়ে গিয়ে তাঁদের সম্মানহানি ঘটে। ক্রমেই ব্যর্থতার গ্লানি ভর করে তাঁদের ওপর। হতাশায় ছেয়ে যায় ক্যারিয়ার। কিন্তু অন্তর্মুখীরা তেমনটা হন না। তাঁরা সব কিছু গভীরভাবে চিন্তা করেন। তাঁরা কর্মীদের ব্যর্থতার কারণ চিহ্নিত করতে সক্ষম। চোখের সামনে যা ঘটছে এবং এর আড়ালের খবরও জানেন তাঁরা। পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ তাঁদের অন্যতম বৈশিষ্ট্য।
৩. অল্প শক্তিতেই পাহাড় ধস
মানুষকে চাপ প্রয়োগে কাজ আদায় করাতে আগ্রহী নন অন্তর্মুখী নেতারা। তাঁরা কাজ আদায়ে কৌশল গ্রহণ করেন। কর্মীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া তাঁদের অন্যতম হাতিয়ার। যেকোনো পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিতে এই নেতারাই এগিয়ে। প্রত্যেকের জন্য সঠিক পথের দিশা তাঁরাই এনে দেন। যে কর্মী যে কাজে ইচ্ছুক ও দক্ষ, তাঁর জন্য সে কাজের ব্যবস্থা তাঁরাই করেন। অন্তর্মুখীরা জানেন, হাতুড়িপেটা না করেও পাহাড় টলানো সম্ভব। এর জন্য কার্যকর কৌশলটা বের করতে হয়। তাঁরা সঠিক সমস্যা বের করে অসাধারণ সমাধান টানেন।
৪. ভারসাম্য খুঁজে বের করুন
আসলে বহির্মুখী কিংবা অন্তর্মুখী কেউই আলাদা দুনিয়ার মানুষ নন। তাঁরা পাশাপাশি অবস্থান করেন। অন্তর্মুখীদের দক্ষতা ও অনন্য বৈশিষ্ট্য তাঁদের সেরা নেতায় পরিণত করে। তাঁরা কখনো শূন্যতায় বিচরণ করেন না। সফলতা পেতে তাঁরা নিজেদের সক্ষমতা ও সামর্থ্য অনুধাবন করেন। প্রয়োজনে পরিবর্তন আনেন। সব কিছুতে ভারসাম্য আনতে তাঁরা বদ্ধপরিকর। আর এমন অবস্থানে তাঁরা লক্ষ্য পূরণে অটল থাকেন। ক্রমেই হয়ে ওঠেন আদর্শ এক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *