সাঁথিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য শাহ জামালকে (৪০) বাড়িতে ঢুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শাহ জামালের বাড়ি ওই ইউনিয়নের পাইকশা গ্রামে। তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি ছিলেন।

পুলিশ ও গ্রামবাসী জানায়, গতরাত পৌনে ১টার দিকে ২৫-৩০ জন দুর্বৃত্ত শাহ জামালের বাড়িতে হামলা চালায়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা শাহ জামালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় শাহজামালের চিৎকার শুনে তাঁর মা জয়গন (৭৫) বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। আহত জয়গনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শাহ জামালের লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, কারা কী কারণে শাহ জামালকে হত্যা করেছে, তদন্ত না করে তা এখনই বলা যাচ্ছে না। হত্যাকারীরা চরমপন্থী কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত শাহ জামালের স্ত্রী আরিফা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *