বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকির দশম দিন শেষ হলো। সাঁতার শেষ হয়েছে আগে। জিমন্যাস্টিক্সও শেষের পথে। অ্যাথলেটিক্সের রাজত্ব চলছে। এবং তিনটি খেলাতেই যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকে বরাবর। অবশ্য তাদের অ্যালিসন ফেলিক্স মেয়েদের ৪০০ মিটারে সোনা জিততে পারেননি মঙ্গলবার। জিমন্যাস্ট সিমিওনে বাইলসের এক অলিম্পিকে ৫টি সোনা জেতার রেকর্ডটাও হচ্ছে না চতুর্থ ইভেন্টে বিম থেকে পড়ে যাওয়ায়। তারপরও পদক তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নিরাপদ দুরত্বেই আছে যুক্তরাষ্ট্র। এবারের অলিম্পিকেও সবচেয়ে বড় দল তাদের।
যুক্তরাষ্ট্রের পেছনে আছে যুক্তরাজ্য। তার পেছনে শতকোটি মানুষের দেশ চীন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এক রাশিয়া আগের আধিপত্য কখনো ধরে রাখতে পারেনি। এবার তো আরো বড় ধাক্কা ড্রাগ নিষেধাজ্ঞার কারণে একটি বড় দলকে নিয়ে আসতে না পারা। অ্যাথলেটিক্সে নিষিদ্ধ তারা। তারপরও রাশিয়া যে চতুর্থ স্থানে উঠে এসেছে তাও কম কিছু না। জার্মানিকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে এখন পঞ্চম স্থানে ইতালি।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৭৫টি পদক জিতেছে। যার ২৬টি সোনা, ২৩টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ। যুক্তরাজ্যের অধিকারে ৪১টি পদক। এর ১৬টি সোনা, ১৭টি রুপা ও ৮টি ব্রোঞ্জ। বৃটিশদের চেয়ে চীনের পদক বেশি, সোনা কম। চীনের সোনা ১৫টি। ১৪টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ। রাশিয়া মোট ৩৫টি পদক জিতেছে। এর মধ্যে ১১টি সোনা, ১২টি করে রুপা ও ব্রোঞ্জ। ইতালি ৮টি সোনা, ৯টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জিতেছে। জার্মানির ২০ পদকের মধ্যে ৮টি সোনা, ৬টি করে রুপা ও ব্রোঞ্জ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল