আকাশ থেকে বাইলসের মাটিতে পতন!

বিডি নিউজ ৬৪: বলা হচ্ছিল, সিমিওনে বাইলেসর ইভেন্টে তাতে হারানোর কেউ নেই বিশ্বে। তাই বাইলস যে ইতিহাসের প্রথম জিমন্যাস্ট হিসেবে এক অলিম্পিকে ৫ সোনা জয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন তা ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু বাইলস এই মর্তেরই মানবী! সেটা রিও অলিম্পিকের দশম দিনে (বাংলাদেশের মঙ্গলবার) বুঝে গেলো সবাই। চতুর্থ সোনা জয়ের লড়াইয়ে ব্যালান্স বিম থেকে পড়ে গেলেন। যেন আকাশ থেকে বাস্তবতার জমিনে পড়লেন বাইলস! সোনা জিততে না পারলেও এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। যেটি তার চাওয়া ছিল না মোটে।

প্রথম ৯ দিনে মার্কিনি বাইলস অপ্রতিদ্বন্দ্বি। ১৯ বছরের ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার শৈল্পিক জিমন্যাস্ট এর মধ্যে সবার মন কেড়েছেন। দলগত, অল-অ্যারাউন্ড একক ও ভল্টের সোনা জিতেছেন। এক অলিম্পিকে সর্বোচ্চ তিনটি সোনা জেতা প্রথম মার্কিন জিমন্যাস্ট তিনি। তাকে ধরা হয় বিশ্ব জিমন্যাস্টিক্স ইতিহাসের সবচেয়ে ধারালো জিমন্যাস্ট। টিনেজ পেরুনোর আগেই কিংবদন্তি।

বিমের বিশ্ব চ্যাম্পিয়ন বাইলসের এই ইভেন্টে জিতলেই রেকর্ড হতো। ইতিহাসের মাত্র চতুর্থ জিমন্যাস্ট হিসেবে এক অলিম্পিকে চারটি সোনা জেতার রেকর্ড। হলো না। ৫ সোনা জয় তো আর সম্ভবও না। চতুর্থ সোনার জন্য তিনি নামবেন ফ্লোর প্রতিযোগিতায়। যেটিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নও বাইলস।

বিমে বাইলসের পতনের দিনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের স্যান ওয়েভার্স। রুপা মার্কিন লরি হার্নান্ডেজের। এমন হৃদয় ভাঙা পতনের পরও বাইলসের টুইট, “আমি অনেক আনন্দিত।” আর রিওতে সাংবাদিকদের ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন বাইলস বলেছেন, “মানুষ হিসেবে আমি একটু নার্ভাস তো হতেই পারি। আমার মনে হচ্ছে আমার চেয়ে আমার ৫টি সোনা জয় আপনারাই চেয়েছেন বেশি। আমি শুধু পারফর্ম করতে চেয়েছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *