পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শাহ জামালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত শাহ জামাল উপজেলার পাইকশা গ্রামের আয়নাল হকের ছেলে। ধোপাদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান জানান, সোমবার রাতে নিজ বাড়িতে পরিবারের সাথে ঘুমিয়ে ছিলেন ইউপি সদস্য শাহ জামাল।

সোমবার রাত ১২টার দিকে বাড়ির গ্রিল ভেঙ্গে ঘরে ঢোকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। তার পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে শাহ জামালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহ জামালকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করে। তবে কারা, কি কারণে ইউপি সদস্য শাহ জামালকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *