বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত  অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস, মাইজদী, সোনাইমুড়ী এবং  লক্ষ্মীপুর থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে   চৌমুহনী ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মাইজদী, সোনাইমুড়ী এবং লক্ষ্মীপুর থেকে ফায়ার সাভির্সের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ব্যবসায়ীরা জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আশপাশে থাকা হোটেল, মিষ্টির দোকান, বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেট্রনিকসের দোকান, বেকারি, মুদি দোকানসহ ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, তাঁরা চারটি ইউনিট তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *