বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে গরুবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল গরু ব্যবসায়ী ও ট্রাকের চালকসহ পাঁচজনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় ফেলে যায়। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে একদল গরু ব্যবসায়ী ট্রাকে গরু বোঝাই করে কুমিল্লায যাচ্ছিল। রাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার চড়িয়ারবিল এলাকায় পৌঁছালে ট্রাকটির যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ট্রাকটি রাস্তার এক পাশে দাঁড় করিয়ে মেরামত শেষে স্থান ত্যাগ করার সময় একদল ডাকাত ট্রাকটিতে উঠে বসে। তারা গরু ব্যবসায়ী ও ট্রাকের চালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে চলন্ত গাড়ি থেকে মদনডাঙ্গা পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের পাঁচজনকে ফেলে রেখে গরু ও ট্রাক নিয়ে পালিয়ে যায়। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহতদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পাঁচজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন মজনু, জয়নাল, লালন এবং হান্নান। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এ ব্যাপারে শৈলকুপা থানার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল