পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

বিডি নিউজ ৬৪: পাবনা-বগুড়া মহাসড়কে পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার মধ্যবর্তী কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজ নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৬টায় একটি বালুবোঝাই ট্রাক (বগুড়া-ড ১১-০৮৮২) সুজানগর উপজেলার চব্বিশ মাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাবনা-বগুড়া মহাসড়কের কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের আদম আলীর ছেলে কালাম (২৫), সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত তুষ্ট দাসের ছেলে স্বাধন দাস (৬০), সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের ইরাক সিকদারের ছেলে মালেক শিকদার (৪৫), বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার হাসনা বেগম (৬০) এবং অজ্ঞাত আরো একজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া নিহত মালেক শিকদারের স্ত্রী পান্না খাতুনকে (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনায় আহত অপর দুজনকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো ও আমিনপুর থানার ওসি তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, “মহাসড়কে সিএনজি, নছিমন, করিমন চলাচল নিষিদ্ধ রয়েছে। তারা আইন লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *