ঝড় তুলেই ১০০ মিটার জিতলেন কিংবদন্তি বোল্ট

বিডি নিউজ ৬৪: আবারও নিজের জাত চেনালেন উসাইন বোল্ট। অলিম্পিকের ১০০ মিটারের স্বর্ণ নিজের করেই রাখলেন জ্যামাইকান এই জীবন্ত কিংবদন্তি। সোমবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকষর্ণীয় এই ইভেন্টে জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়ের মাইলফলক স্পর্শ করেন তিনি।

হাসিমাখা মুখটাই বলে দিচ্ছে সব। ১০০ মিটার জয়ের পর বোল্ট।

ইতিহাসের একমাত্র অ্যাথলেট হিসেবে টানা তিন অলিম্পিকের স্বর্ণ নিজের করে রাখলেন বোল্ট। সোমবার ৯.৮১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণ জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন জ্যামাইকান স্প্রিন্টার।

আর বোল্টের চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ার হুংকার দেওয়া জাস্টিন গ্যাটলিন হলেন দ্বিতীয়। ৯.৮৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হলো আমেরিকান এই অ্যাথলেটকে। এছাড়া তৃতীয় হয়ে ১০০ মিটার দৌঁড় শেষ করেছেন আন্দ্রে ডি গ্র্যাসে। ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ জিতেন এই কানাডিয়ান অ্যাথলেট।

সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করলেন বোল্ট।

গত অর্ধযুগেরও বেশি সময় ধরে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে রাজত্ব করছেন বোল্ট। ২০০৮ সালের পর ১০০মিটারের প্রতিযোগীতাটাকে যেন একেবারেই নিজের করে নিয়েছেন তিনি। বেইজিং, লন্ডনের পর রিও অলিম্পিকও গোটা বিশ্ব দেখল বজ্রবিদ্যুৎ বোল্টকে। কয়েকদিন পরই ৩০ বছরে পা রাখতে যাওয়া জ্যামাইকান স্প্রিন্টার বোল্টের সামনে এখন ‘ট্রিপল ট্রিপল’ জয়ের স্বাদ পাওয়াটা যেন কেবলই সময়ের ব্যাপার।

দর্শকদের সঙ্গে বোল্ট।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন বোল্ট। চার বছর পর ইংলিশদের গর্বের নগরী লন্ডন অলিম্পিকেও ধরে রাখলেন নিজের শ্রেষ্ঠত্ব। ১০০মিটার জিতে রিওতেও বোল্ট জানিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি!

হতাশ রৌপ্যজয়ী জাস্টিন গ্যাটলিন।

সাম্প্রতিক সময়ে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠা জাস্টিন গ্যাটলিন বোল্টের চেয়ে ০.০৮ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন। অথচ হিটে প্রথম হয়ে ঠিকই ভরকে দিয়েছিলেন ডোপিং অপরাধে দুইবার নিষিদ্ধ হওয়া এই আমেরিকান। কিন্তু বোল্ট তো জাত চ্যাম্পিয়ন। সঠিক সময়ে জ্বলে উঠাটা তার নিয়মিত স্বভাব। রিওতেও আরেকবার তার প্রমাণ দিলেন অলিম্পিকের ৭ স্বর্ণপদকের মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *