বিডি নিউজ ৬৪: অলিম্পিক মানেই মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট। তারই ধারাবাহিকতায় অলিম্পিকের ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক হাজার স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছে তারা। রিও অলিম্পিকের অষ্টম দিনে রোববার সকালে মেয়েদের ৪x১০০ মিটার মিডলে রিলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের নারী সাঁতারু দল। ক্যাথলিন বেকার, লিলি কিং, ডানা ভোলমোর ও সিমোন ম্যানুয়েল- এই চার নারী সাঁতারুর মিডলে রিলে জয়ের সৌজন্যেই অলিম্পিকে ১০০০ সোনার মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র।
আধুনিক অলিম্পিকের প্রথম আসরে ১৮৯৬ সালে ট্রিপল জাম্পার জেমস কনোলি জিতেছিলেন আমেরিকার প্রথম অলিম্পিক গেমস সোনা। কনোলির প্রথম সোনা জয়ের ১২০ বছর পর যুক্তরাষ্ট্র পেল অলিম্পিকে তাদের ইতিহাসের এক হাজার সোনার পদক।
যুক্তরাষ্ট্রের ১০০০ অলিম্পিক সোনার বেশির ভাগই এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড (৩২৩টি) আর সাঁতার (২৪৬টি) ইভেন্টে। বাকি সোনা এসেছে অন্যান্য বিভিন্ন ধরনের ইভেন্ট থেকে।
অলিম্পিকে সোনা জয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও কেউ নেই। ৩৯৫ সোনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিলুপ্ত হয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়ন। তাদের পরে যুক্তরাজ্য (২৪৩টি), চীন (২১৪টি), ফ্রান্স (২০৭টি), ইতালি (২০২টি), জার্মানি (১৮০টি), হাঙ্গেরি (১৭২টি) এবং সুইডেন (১৪৪টি)।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল