সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু : শেখ সেলিম

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম আড়পাড়া খালের ওপর ১৮ মিটার দীর্ঘ আর.সি.সি ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হরিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি মকিদুজ্জামানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগের সভাপতি জিএম শিহাব উদ্দিন আজম, সাধারণ সম্পাদক এম.বি সাইফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, আপনাদের আশেপাশে কেউ নিখোঁজ থাকলে অথবা এলাকায় কোন সন্দেহভাজন অপরিচিত লোক এলে আইন শৃংখলা বাহিনীকে জানান। সন্ত্রাস ও জঙ্গি দমনে আপনাদের সহযোগিতা চাই। সরকার সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী ও পরিজিত শক্তিকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।
পরে তিনি টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *