বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে যুবলীগের ওয়ার্ড সভাপতি মোঃ ফয়সালকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ রবিবার সকালে নিহতের ভাবি রানী বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। তবে, এ ঘটনায় জড়িত কাউকে রবিবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল করিমের ছেলে এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তিনি জেলা পুলিশ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তার সোর্স হিসেবে কাজ করতেন। তবে অভিযোগ রয়েছে, ফয়সাল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, সন্ত্রাসী গোষ্ট্রি মাছুম বিল্লাহ ওরফে লাদেন মাছুম বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মাস আগে ফয়সালের বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভয়ে তিনি এলাকা ছেড়ে জেলা শহরের মজুপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে এলাকায় মাঝেমধ্যে যেতেন। ঘটনার সময় পোদ্দার বাজার থেকে ফয়সাল বাড়িতে যাচ্ছিল। এ সময় সন্ত্রাসী লাদেন মাছুমের চৌকিদার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বুকে ও পেটে গুলি এবং মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফয়সালের বাবা ফজলুল করিম বলেন, সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর লোকজন ফয়সালের ওপর ক্ষিপ্ত ছিল। তারাই পরিকল্পিতভাবে আমার ছেলেকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। রাতে লোকজন গুলির শব্দও শুনেছে। আমি হত্যার বিচার চাই ।
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, ফয়সাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল