‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিলেন, সেটি তদন্তেই বেরিয়ে এসেছে’

বিডি নিউজ ৬৪: জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া যে জড়িত ছিলেন, সেটি তদন্তেই বেরিয়ে এসেছে।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১।
কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া যে জড়িত ছিলেন, সেটি তদন্তেই বেরিয়ে এসেছে। মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না বলে এ মামলায় জিয়ার বিচার হয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ।
উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ও ফোরামের যুগ্ম মহাসচিব মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান, ফোরামের সহসভাপতি ও তৎকালীন টুঙ্গিপাড়ার পুলিশ কর্মকর্তা এডিআইজি নুরুল আলম, ফোরামের যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *