‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ থেকে দূরে সরে এসেছি বলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে’

বিডি নিউজ ৬৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, এ বাংলাদেশকে আমরা চিনি না, যেখানে জঙ্গিবাদের লালনপালন হয়। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ থেকে দূরে সরে এসেছি বলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।
আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনিসুজ্জামান বলেন, পাকিস্তানের ২৪ বছরে আমরা বঙ্গবন্ধুর লক্ষ্যে স্থির থাকার যে পরিচয় পাই, তা থেকে শিক্ষা নিতে পারি। তিনি নিজ সত্তাকে উপলব্ধি করেছেন ও করিয়েছেন। বঞ্চনার বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সে সময় আরও অনেক প্রবীণ ও উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা থাকা সত্ত্বেও দেশের মানুষকে তিনিই স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তিনি হয়ে উঠেছেন অবিসংবাদী নেতা। এই সবই সম্ভব হয়েছে তাঁর অসাধারণ মানসিক শক্তির কারণে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সংবিধানকে প্রায় পাকিস্তানের সংবিধানে পরিণত করার চেষ্টা করা চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান। এতে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক এম এ আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *