পড়ে গিয়েও সোনা মো ফারাহর!

বিডি নিউজ ৬৪: পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। লড়তে হয় নতুন উদ্যমে। কিন্তু সবাই কি আর তা পারে! অনেকে না পারলেও পতন থেকে উঠে দাঁড়াতে জানেন মো ফারাহ। যুক্তরাজ্যের এই দূরপাল্লার দৌড়বিদ রিওর ট্র্যাকে সোনার জন্য লড়ার সময় পড়ে গেলেন। দারুণ শঙ্কা কাটিয়ে উঠে দাড়িয়ে আবার ছুটলেন। এবং শেষ পর্যন্ত ১০০০০ মিটারের অলিম্পিক শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা সোনাটি রিওতে অন্য কারো হতে দেননি মো ফারাহ।

৩৩ বছরের ফারাহ ছুটছেন সেরার মতোই। অলিম্পিক স্টেডিয়ামে এবারের আসরের অষ্টম দিনে তার ইভেন্টে সবার চোখ ফারাহর ওপরই। ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ডে জিতেছেন। কেনিয়ার পল তানুই ২৭ মিনিট ০৫.৬৪ সেকেন্ডে জিতেছেন রুপা। ইথিওপিয়ার তামিরাত তোলা ২৭:০৬.২৬ সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।

জিতলেন বটে। কিন্তু ফারাহর কারণে সব দর্শক প্রতিযোগিতার সময় হা হুতাশও করলেন! ২৫ ল্যাপের রেসের দশম ল্যাপের লড়াই তখন। আমেরিকান ট্রেনিং পার্টনার গ্যালেন রাপের সাথে ধাক্কা লাগলো ফারাহর। পড়ে গেলেন কিংবদন্তি দৌড়বিদ। দ্রুত উঠে দাঁড়িয়ে পরিস্থিতি সামলে প্রাণপণ দৌড়ালেন। এবং জয় করলেন।

২০১১ থেকে এ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক মিলিয়ে ৫,০০০ ও ১০,০০০ মিটারে টানা অষ্টম জয় পেলেন ফারাহ। রিওতে ৫,০০০ মিটার জিতলে ইতিহাসের পাতায় ঢুকে পড়বেন। ১৯৭২ ও ১৯৭৬ অলিম্পিকে ৫,০০০ ও ১০,০০০ দৌড়ের একমাত্র ডাবল জয়ের রেকর্ড কিংবদন্তি ফিন লাসে ভিরেনের। ৫,০০০ও জিততে পারলে সেই রেকর্ডের ভাগিদার হবেন ফারাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *