বিডি নিউজ ৬৪: গোল করতে না পারলে একজন ফরোয়ার্ডের আর কি দাম! তার ওপর মিশনটা যখন দারুণ কঠিন! নেইমারের ওপর অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথম সোনা এনে দেওয়ার দায়। শেষ পর্যন্ত ঘরের মাঠের আসরে চতুর্থ ম্যাচে এসে নেইমার গোলের দেখা পেলেন। নেইমার জাদুতেই কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল।
আজ সাও পাওলোতে বার্সেলোনার সুপারস্টার ও ব্রাজিল অধিনায়ক নেইমার ফ্রি-কিকের জাদু দেখালেন। খেলার মাত্র ১২ মিনিটেই তার স্পট কিকে বল উড়ে গিয়ে জড়িয়েছে কলম্বিয়ার জালে। ৪১ হাজার সমর্থকের উল্লাসে অ্যারেনা করিন্থিয়াসে তখন কান পাতা দায়। ১-০ গোলের লিড নিয়ে আরো প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছে ব্রাজিলিয়ানরা। এরপর অবশ্য আন্দ্রেস রোয়াকে ফাউল করে শুধু হলুদ কার্ড দেখেই বেঁচে গেছেন নেইমার। বেশ একটা ঝামেলা হয়ে গেছে। আবেগ সামলে বিরতির পর আরো বিপজ্জনক হয়ে ওঠে নেইমারের দল। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে বক্সের বাইরে থেকে চমৎকার শটে গোল করেছেন লুয়ান। জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের।
রিওর সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে হন্ডুরাস। পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। তারা খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। নাইজেরিয়া ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
কলম্বিয়ার সাথে দারুণ এক শত্রুতা এখন ব্রাজিলের। গেল বিশ্বকাপে ৫৪ ফাউলের কোয়ার্টার ফাইনালে নেইমার ফাউলের শিকার হন। হাড় ভেঙে বাকি আসরের দর্শক হয়ে যান তিনি। তবু জেতে ব্রাজিল। কিন্তু গত কোপা আমেরিকার শুরুতে নেইমারদের হারিয়ে শোধ তুলেছিল কলম্বিয়া। ১-০ এর হারের ওই ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার।
এবার ঘরের মাঠেও কলম্বিয়ার জুনিয়রদের টার্গেট হয়েছিলেন নেইমার। তবে তারও মাথা গরম হয়েছে। রোয়াকে ফাউল করে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। ওই ঘটনায় নেইমার হলুদ কার্ড দেখলেন। কিন্তু বিরতির আগেই কলম্বিয়ার ৪ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। দুই দলই আসলে গা জোয়ারি খেলার চেষ্টা করেছে। ম্যাচে ফাউল হয়েছে ৩৯টি। কলম্বিয়া করেছে ২২টি। কম যায়নি ব্রাজিল। তারা করেছে ১৭টি। তবে শেষ হাসিটা নেইমারদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল