বিডি নিউজ ৬৪: বয়স হয়েছে ৩৮ বছর। কিন্তু টেস্টের মতো খাটুনির ক্রিকেটেও ইউনিস খানকে বুড়োদের কাতারে ঠেলে দেওয়ার উপায় নেই কোনো। দ্য ওভালে তার ডাবল সেঞ্চুরিতেই দেশের স্বাধীনতা দিবসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট জয়ের সম্ভাবনা দেখছে পাকিস্তান। আর তেমনটি করতে পারলে সফরকারীরা চার ম্যাচের সিরিজ শেষ করতে পারবে ২-২ এ।
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতার ৬৯তম বর্ষপূর্তি। এটা হতে পারে ইংল্যান্ডে পাকিস্তানের আরেকটি টেস্ট জয়ের দিনও। ইউনিসের ২১৮ রানের ওপর দাঁড়িয়ে পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ৫৪২ রান। এরপর লেগ-স্পিনার ইয়াসির শাহ ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিক ইংলিশরা। এখনো তারা ১২৬ রানে পিছিয়ে।
খেলার এখনো দুই দিন বাকি। কিন্তু অভিজ্ঞ ইউনিস মনে করেন রবিবারই জয়টা তুলে নিতে পারলে বড় মিষ্টি হবে তা। “হ্যাঁ, আমরা আগামীকাল (আজ) জিততে পারলে সেটা অসাধারণ হবে, দেশের জন্য উপহারও হবে।” ইউনিস বলেছেন, “চার উইকেট ফেলে দিয়েছি। তাই আমাদের স্বাধীনতা দিবসে জয় আশা করতেই পারি।”
হালে সময়টা ভালো যাচ্ছিল না। সেখান থেকে ইউনিস উঠে এলেন নাটকীয়ভাবে। ক্যারিয়ারের ষষ্ঠ ২০০ পার হওয়া ইনিংস খেলে। এই সিরিজে ৬ ইনিংসে মোটে ১২২ রান করেছিলেন। অনেকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছিলেন ইউনিসকে। সব নজরে রেখেই ইউনিস বলেছেন, “অনেকে বলতে শুরু করেছিল আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা আমি ১৫ বছর ধরে শুনছি। জানতাম আমি পারবো। কিন্তু এই টেস্টেই এমন কিছু করতে চেয়েছিলাম।” আসাদ শফিক এই ইনিংস করেছেন ১০৯ রান। তিনি তার ইনিংস উৎসর্গ করেছিলেন সদ্যপ্রয়াত ক্রিকেটের প্রথম লিটল মাস্টার হানিফ মোহাম্মদকে। পাকিস্তানের এই গ্রেট সাবেক ব্যাটসম্যানকে নিজের ডাবল সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন ইউনিসও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল