বিডি নিউজ ৬৪: বরিশালের কীর্তনখোলা নদীর আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের চলন্ত বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার রাতে সেতুর বরিশাল প্রান্তের ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বাসটির আহত বাসচালক মো. মামুন জানান, সন্ধ্যার দিকে মেহেদী পরিবহনের পিকনিকের ওই বাসটি কুয়াকাটা থেকে ছেড়ে বগুড়ার উদেশে রওনা হয়।
বাসটি রাতে কীর্তনখোলা নদীর আব্দুর রব সেরনিয়াবাত সেতুর বরিশাল প্রান্তের ঢালে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রন হারায় বাসটি। এ সময় রুপাতলী এলাকায় খানসন্স টেক্সটাইলের দেয়ালে ধাক্কা লাগে। এতে বাসে থাকা প্রায় সবযাত্রী কম-বেশি আহত হন। স্থানীয় রুপাতলী শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক সেলিম মিয়া জানান, ঘটনার পরপরই আটকে থাকা বাস চালকসহ আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আহত যাত্রীদের মধ্যে মঞ্জু (৫০), মিতু (২৫), শফিকুল (৫৫), বিপুল (২৫), জুবায়ের (৫০), আব্দুর রহমান (৩৫), সোহেল (৩২), মনতাজুর রহমান (৩৫), আবির হোসেন (৬০), মাসুদ (৩০), আব্দুর রহিম (৩৬), মামুন (৩৫), শফিকুল ইসলাম (৩০) ও অজ্ঞাতনামা আরও এক পুরুষকে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল