ভেনাসের অলিম্পিক পদক জয়ের রেকর্ড

বিডি নিউজ ৬৪: কে বলে ফুরিয়ে গেছেন ভেনাস উইলিয়ামস! ফুরিয়ে গেলে কি কেউ অলিম্পিকের মতো আসরে ইতিহাস গড়তে পারে! মার্কিন এই টেনিস তারকা অলিম্পিকের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেই ইতিহাসটা গড়েছেন। পদক নিশ্চিত হয়েছে তাতে। তার মানে অলিম্পিকে ৫টি পদক জেতা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হলেন ভেনাস।

৩৬ বছরের ভেনাস মিশ্র দ্বৈতে খেলছেন রাজিব রামের সাথে। তারা সেমিফাইনালে হারিয়েছেন ভারতের সানিয়া মির্জা ও রোহান বোপানাকে। এখন ভেনাসের সামনে অলিম্পিকের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৫টি সোনার পদক জয়ের রেকর্ডের হাতছানি। আপাতত ব্রিটেনের ক্যাথলিন ম্যাককানের সাথে ৫টি পদক জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন। ১৯২০ থেকে ১৯২৪ অলিম্পিকে পদকগুলো জিতেছিলেন ওই বৃটিশ। বোন সেরেনা উইলিয়ামসের সাথে অলিম্পিকে চারটি সোনা জেতার রেকর্ড ভাগাভাগি করছেন ভেনাস। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

ভেনাস একক ও দ্বৈতে প্রথম রাউন্ডে হেরেছেন। বোন সেরেনা ছিলেন দ্বৈতের পার্টনার। মিশ্র দ্বৈতের ফাইনালে স্বদেশি বেথানি মাটেক-স্যান্ডস ও জ্যাক সকের সাথে খেলবেন ভেনাসরা। ভেনাসের অলিম্পিক ইতিহাস ১৬ বছরের পুরনো। ২০০০ সিডনি অলিম্পিকে নারী এককের সোনা জিতেছিলেন। সেবার নারী দ্বৈতের সোনাও উঠেছিল তার গলায়। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে দ্বৈতের শিরোপা জয়ের পর ২০১২ লন্ডন অলিম্পিকে শিরোপা ধরে রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *