নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ইমাম ও তার সহকারী নিহত

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাওলানা আলাউদ্দিন আকনজি নামে এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তাঁর সহকারীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি এভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত আলাউদ্দিন আকনজি ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম। জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ইমাম ও তাঁর সহযোগী। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহকারী নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮ নম্বর রোডের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত অবস্থায় ইমাম আলাউদ্দিন আকনজি ও তাঁর সহকারী তারা মিয়াকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমাম আলাউদ্দিন আকনজিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় ইমামের সহকারীও মারা যান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন তাদের গুলি করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *