শেরপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

বিডি নিউজ ৬৪: শেরপুরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আজ শনিবার শহরের ডা. সেকান্দর আলী মহাবিদ্যালয়ে এমন একটি ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এসব ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। এসব ডিজিটাল ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীরা কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আউটসোর্সিং, ই-লার্নিং, ই-বিজনেস সম্পর্কে হাতে-কলমে বাস্তব জ্ঞান অর্জনে সক্ষম হবে। এতে ছাত্র অবস্থা থেকেই শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠবে বলে জানান জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

এদিকে, শনিবার শেরপুর জেলার ১৮টিসহ সারা দেশের ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ উপলক্ষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সুধীবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *