বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গণশিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: দেশের উত্তরাঞ্চলের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। গতকাল শুক্রবার রাত ৮টায় এ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিকসহ দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

জানা যায়, উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পের অগ্রগতির লক্ষ্যে গ্রাহকদের মাঝে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌঁছে দিতে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে আরো একটি তৃতীয় ইউনিট নির্মাণের কাজ চলছে। ওই কাজের অগ্রগতি দেখার জন্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ পরিদর্শনে আসেন। তিনি কাজের অগ্রগতির বিষয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় মন্ত্রীকে জানানো হয়, নতুন ইউনিট নির্মাণ কাজের ৫০ ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০১৮ সালের প্রথমার্ধে এ ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে প্রতিদিন। এ সময় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট প্রকল্প পরিচালক চৌধুরী মো. নূরুজ্জামান, তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুব রহমান, তৃতীয় ইউনিটের নির্মাণকারী চীনা প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনালের প্রধান প্রকৌশলী মি লি ঝাইউ ও এন এ পিসির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক নতুন ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি টাকা। এ ইউনিট নির্মাণে চীনের আইসিবিসি ব্যাংক এক হাজার ৮৫০ কোটি টাকা ঋণদান করেছে। অবশিষ্ট অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার। ২২০ জন চীনা প্রকৌশলী ও শ্রমিক ইউনিটটি নির্মাণ কাজ করছেন। তাঁদের সহযোগিতা করছে প্রায় এক হাজার বাংলাদেশি শ্রমিক।

জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে জ্বালানি হিসেবে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লার সরবরাহ হয়ে থাকে। নতুন ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে অনুরূপভাবে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা সরবরাহ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *