সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৫, গ্রেপ্তার ২

বিডি নিউজ ৬৪: ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে সন্ত্রাসী হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি বসতঘর ভাঙচুর করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আহম্মদপুর গ্রামের আশ্রাফ আলী মাঝি বাড়ির তিন পরিবারের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমি নিয়ে সামাজিকভাবে একাধিকবার ছট্টু মিয়া, কামাল উদ্দিন এবং করিম উল্লাহ-ওয়াজি উল্লাহর পরিবারের মধ্যে সালিসি  বৈঠক হয়। কিন্তু সালিসের রায় ছট্টু মিয়া ও কামাল উদ্দিন মেনে নিলেও অপর পক্ষ করিম উল্লাহ ও ওয়াজি উল্লাহর পরিবারের সদস্যরা মেনে নেয়নি। ফলে বাড়ির জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ আরোও বাড়তে থাকে। একপর্যায়ে উভয় পক্ষই আদালতে মামলা করে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

গতকাল শুক্রবার পরিকল্পিতভাবে করিম উল্লাহ ও ওয়াজি উল্লাহর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ছট্টু মিয়া ও কামাল উদ্দিনের মধ্যে বিবাদ হয়। একপর্যায়ে স্থানীয় আরিফুল ইসলামের নেতৃত্বে এনায়েতুল ইসলাম স্বপন (৩৫), করিম উল্লাহ (৫৫), ওয়াজি উল্লাহ (৫০), কমলা বেগমসহ  (৪৫), অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক ছট্টু মিয়া (৬০) ও কামাল উদ্দিনের (৫০) ওপর হামলা চালায়। তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফরহাদ (২২), বিবি ফাতেমা (৪৫), বিবি সকিনাসহ (৫৫) পাঁচজনকে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা ছট্টুমিয়া ও কামাল উদ্দিনের বসতঘর ও রান্নাঘর ভাঙচুর করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ছট্টু মিয়া ও কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে ফেনী সদর হাসপাতালে পাঠান। পরে কামাল উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় করিম উল্লাহ (৫৫) ও কমলা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে কামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *