বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানে আগুন লেগে তিন নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), রায়হান (১০), তাহেরা বেগম (২০), মাজিদ (১৮) মেহেদি (২৫) ও সোলেমা বেগম (২০)। এদের মধ্যে প্রথম পাঁচজনের বাড়ি হবিগঞ্জ জেলায় এবং বাকি দুজনের বাড়ি বরগুনা জেলায়। আহতরা নিজেদের বাসা বাড়িতে আসবাবপত্রে রং লাগানোর কাজ করতেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবাইল অপারেটর রুপম বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্নিশ তৈরিতে ব্যবহৃত আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় আহতরা ঘুমাচ্ছিলেন। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি পানির গাড়ি, আগ্রাবাদ স্টেশন থেকে একটি অ্যাম্বুলেন্স ও কর্মকর্তাদের গাড়িসহ মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যান। তবে আগুন এর আগেই নিভে যায়।
পরে অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি করে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের বিষয়ে বিস্তারিত বলতে পারেননি রুপম। এ বিষয়ে জানতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গিরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল