বিডি নিউজ ৬৪: ৫ বছর আগে ২০১১ সালের আজকের দিনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং খ্যাতিমান চিত্রগ্রাহক মিশুক মুনীর। মারা যান আরও তিনজন। মারাত্মকভাবে আহত হন তারেক মাসুদের জীবনসঙ্গী এবং চলচ্চিত্র সঙ্গী ক্যাথরিন মাসুদ। ‘মাটির ময়না’, ‘রানওয়ে’র মত চলচ্চিত্র নির্মাণ করে যারা ভিন্ন ধারার বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয় গিয়েছিলেন তাদের অভাব এখনও মিডিয়াজগতে বিদ্যমান। এ ক্ষতি যে পূরণ হবার নয়!
নানা আয়োজনে এই দুই গুণী মানুষকে স্মরণ করছে দেশের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ শনিবার তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং প্রজন্ম ’৭১। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
বিকেল সাড়ে চারটায় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র রানওয়ে প্রদর্শনীর পর সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন। মিশুক মুনীর স্মরণে সন্ধ্যা পৌনে ছয়টায় থাকবে আলোচনা। তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র রানওয়ে বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক আ. আল মামুন। আলোচনায় অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, প্রজন্ম ’৭১-এর সহসভাপতি ও মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ ও অনল রায়হান।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় টিএসসির পাশের সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা চত্বরে তারেক-মিশুক স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। আলোচনা শেষে তারেক মাসুদের ‘রানওয়ে’, ‘নরসুন্দর’ ও ‘ফেরা’ চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল