বিডি নিউজ ৬৪: অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনা জিতলেন রাফায়েল নাদাল। পৌঁছে গেছেন তৃতীয় সোনা জয়েরও কাছাকাছি। রিও অলিম্পিকের পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। সঙ্গী দীর্ঘদিনের বন্ধু মার্ক লোপেজ। রিওর এককের সেমিফাইনালেও পৌঁছে গেছেন স্প্যানিয়ার্ড নাদাল।
২০০৮ বেইজিং অলিম্পিকে পুরুষ এককের সোনা জিতেছিলেন নাদাল। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও চিলির নিকোলাস মাসুর পর ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে অলিম্পিক একক ও দ্বৈতের সোনা জয়ের রেকর্ডটা করলেন রিওর কোর্টে। ফাইনালে রুমানিয়ার ফ্লোরিন মেরেগা ও হোরিয়া টেকাউকে ৬-২, ৩-৬, ৪-৬ এ হারিয়েছেন নাদাল ও লোপেজ।
৩০ বছরের নাদালের ক্যারিয়ার বেশ কিছুদিন ধরে ইনজুরিতে জর্জরিত। আর এমন অবস্থা কাটিয়ে অলিম্পিকে শ্রেষ্ঠত্ব জয় দারুণ বিশেষ কিছু। নাদালের আনন্দটা তাই অনেক বেশি, “সবচেয়ে সেরা বন্ধুর সাথে এই জয় অসাধারণ ব্যাপার। আমরা সব দিয়ে লড়েছি। আড়াই মাস আমি খেলায় ছিলাম না। শুধু জিম করেছি।” এককের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের থমাস বেলুচ্চিকে নাদাল হারিয়েছেন ২-৬, ৬-৪, ৬-২ এ। ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল ফাইনালে উঠতে লড়বেন আর্জেন্টিনার হুয়ান দেল পোর্তোর সাথে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল